দেশজুড়ে আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তীব্র বিক্ষোভের মুখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা মূলত ২০২৭ সালের গ্রীষ্মকালে হওয়ার কথা ছিল।
ভাড়াটেদের অধিকার রক্ষা ও ভাড়া নিয়ন্ত্রণের দাবিতে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াসহ প্রায় ৫০টি শহরে ব্যাপক আন্দোলন শুরু হয়। সম্প্রতি এক ৮৭ বছর বয়সী বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন আরও বেগবান হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির বামপন্থী সরকার পার্লামেন্টে জরুরি ভিত্তিতে দুটি আইন পাসের উদ্যোগ নিয়েছিল। প্রস্তাবিত আইনে ঝুঁকিপূর্ণ ভাড়াটেদের ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদ না করা এবং পর্যটন অ্যাপার্টমেন্টের ওপর অতিরিক্ত কর আরোপের বিধান রাখা হয়েছিল।
তবে পার্লামেন্টে ভোটাভুটিতে আইন দুটি প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়। আইন পাসে ব্যর্থ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচনের এই সিদ্ধান্ত ঘোষণা করেন।























