সদস্য দেশগুলোর ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতা বাড়াতে এবং জোটের বহিঃসীমান্তের নিরাপত্তা জোরদার করতে আরও ১৩ কোটি ইউরো (প্রায় ১৪ কোটি ৫০ লাখ ডলার) অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। সোমবার এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
কমিশন জানিয়েছে, বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ভিসা ইনস্ট্রুমেন্টের (বিএমভিআই) আওতায় এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। সীমান্ত নজরদারি আরও শক্তিশালী করতে এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চলমান উদ্যোগের অংশ এটি।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ২৫ কোটি ইউরো এবং চলতি বছরের শুরুতে আরও ১৬ কোটি ৯০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছিল। এই অর্থ মূলত নজরদারি ড্রোন ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ে ইইউর সদস্য দেশ এবং ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড সংস্থা ‘ফ্রন্টেক্স’-কে সহায়তার জন্য দেওয়া হয়।
নতুন এই বরাদ্দের ফলে নজরদারি ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির জন্য ইইউর স্বরাষ্ট্রবিষয়ক তহবিল থেকে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫০ কোটি ইউরো ছাড়িয়েছে। এই তহবিলের মাধ্যমে সদস্য দেশগুলো সীমান্ত পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করতে এবং অননুমোদিত বা শত্রুতাপূর্ণ ড্রোন কার্যক্রমের ঝুঁকি মোকাবিলা করতে পারবে।























