ইরানের অটল প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র চরম হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার পার্লামেন্ট অধিবেশনে তিনি বলেন, ওয়াশিংটন প্রকাশ্যে নানা কথা বললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে সময়ক্ষেপণ করে শর্ত চাপানোর সুযোগ আর নেই।
স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ইরানের দেওয়া সাতটি শর্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের নীতিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, শত্রুভাবাপন্ন শক্তিগুলোর বক্তব্য বা মিডিয়া প্রচারের ওপর নির্ভর করে ইরান নিরাপত্তা কৌশল নির্ধারণ করে না; বরং তাদের বাস্তব পদক্ষেপের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনায় ইরান এখন সামরিক শক্তি ও জাতীয় ঐক্যে সুসংহত অবস্থানে রয়েছে উল্লেখ করে গালিবাফ বলেন, লড়াই ও কূটনীতি উভয় ক্ষেত্রেই প্রতিরোধ ফ্রন্ট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।























