সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত। তিনি আরও জানান, গত বছরের মতো এবারও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।
বুধবার ১৯ নভেম্বর সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের শঙ্কা নেই। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো অস্থিরতাও দেখা যায়নি।
তিনি আরও জানান, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগের মতোই সব কর্মসূচি অনুষ্ঠিত হবে, বরং এবার আয়োজন আরও বিস্তৃত হবে। তবে গত বছরের মতো এবারও প্যারেড হবে না।
এক সাংবাদিক ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে পরে ফেরত দেওয়ার ঘটনার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বিষয়টি প্রথমবার শুনলেন। অনুসন্ধানের পর বিস্তারিত জানতে পারবেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
















