ইসরায়েলি সামরিক কারাগার ও আটককেন্দ্রগুলোতে ফিলিস্তিনি শিশুদের ওপর চরম নির্যাতন, দুর্ব্যবহার এবং মানবেতর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে শিশু অধিকার সুরক্ষায় কাজ করা সংস্থা ‘সেয়াজ অর্গানাইজেশন ফর চাইল্ড প্রোটেকশন’। সংস্থাটির পরিচালক আয়েদ আবু একতাইশ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরেছেন।
বর্তমানে ইসরায়েলি বিভিন্ন আটককেন্দ্রে সাড়ে তিন শ’র বেশি ফিলিস্তিনি অপ্রাপ্তবয়স্ক বন্দি রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক শিশুকে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ বা বিচার প্রক্রিয়া ছাড়াই আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও শিশু অধিকারের পরিপন্থী।
আটককেন্দ্রে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ বন্দিজীবনের অভিজ্ঞতা অত্যন্ত ভীতিকর হওয়ায় কারাগার থেকে মুক্তি পাওয়া প্রতিটি শিশুই চরম মানসিক ট্রমা ও বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তবে এই বিশাল সংখ্যক শিশুর মানসিক ও শারীরিক প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সুনির্দিষ্ট সহায়তামূলক কর্মসূচির তীব্র অভাব রয়েছে।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের আচরণের মারাত্মক অবনতি ঘটেছে। বর্তমান বাস্তবতায় এই শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।























