সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় এবং এতে বহু মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মশাবাহিত এই রোগটি থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে জনগণের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করছে দলটি। এরই অংশ হিসেবে আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘জনসচেতনতা সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কর্মসূচি পালনের কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আগামী রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
ডেঙ্গুর বিস্তার রোধে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।






















