ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ৭১ শতাংশ মার্কিনি। একই সঙ্গে প্রায় ৬৯ শতাংশ নাগরিক মনে করেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং নরক সেন্টারের যৌথ উদ্যোগে পরিচালিত এক নতুন জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে দেশটির পররাষ্ট্রনীতিতে ইরান সংকট এখন অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক প্রভাবও ভোটারদের ভাবনায় বড় ধরনের প্রভাব ফেলছে। জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে বর্তমান প্রশাসনের নীতিই প্রধানত দায়ী।
এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা খর্ব করতে এরই মধ্যে কংগ্রেসে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে প্রতিনিধি পরিষদে তার যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাস হয়। পরবর্তীতে সেপ্টেম্বরে সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব তোলা হলেও তা অল্পের জন্য পাস হয়নি। বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ পরিবর্তন হলে ট্রাম্প প্রশাসনের ওপর আইনপ্রণেতাদের নজরদারি আরও জোরদার হতে পারে।























