ভোলার দৌলতখানে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সপু এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেনকে দলীয় মনোনয়ন ফরম না দেওয়ায় তার সমর্থকেরা উপজেলা বিএনপি অফিসে হামলা চালায়। এসময় তারা সামনের সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এই ঘটনায় দলীয় আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


























