ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সামরিক অভিযান চূড়ান্ত করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘গ্রোক’-এর পরামর্শ নিয়েছিলেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক সাময়িকী ‘টাইম’।
প্রতিবেদনে বলা হয়, কারাকাসে মার্কিন অভিযানের ঠিক এক মাস আগে ডোনাল্ড ট্রাম্প গ্রোককে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্টকে আটক করলে সেখানকার স্থানীয় জনগণ কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, তা জানতে চেয়েছিলেন ট্রাম্প। চ্যাটবটটি তখন পূর্বাভাস দিয়েছিল যে, মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটির জনগণ ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করবে।
পরবর্তীতে মার্কিন সামরিক বাহিনী কারাকাসে সফল অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং তাঁদের বিরুদ্ধে নার্কো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগ আনে। অভিযানের পর ভেনেজুয়েলার রাস্তায় মানুষকে উল্লাস করতে দেখে চ্যাটবট গ্রোকের নিখুঁত বিশ্লেষণে ট্রাম্প মুগ্ধ হন বলে জানানো হয়। সরকারের সামরিক সিদ্ধান্তে এআই সরাসরি প্রভাব ফেলেছে কি না তা নিশ্চিত নয়, তবে এই ঘটনা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রয়োগের ইঙ্গিত দেয়।























