পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ মো. নাহিদুল ইসলাম ওরফে নওশাদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুমকি থানা-পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পায়রা সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা যাত্রী নাহিদুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর কাছে মাদক থাকার কথা স্বীকার করলে পুলিশ তাঁর পরা প্যান্টের পকেট থেকে বায়ুরোধক জিপারে মোড়ানো ১২৫ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার করা ১২.৫ গ্রাম ওজনের এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক জানান, তিনি মানিকগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে পটুয়াখালীর বাউফল এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


























