সৌদি আরবের ঐতিহাসিক মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত ও বাহরাইন পৃথক বিবৃতিতে এই হামলার প্রতিবাদ জানিয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই নাশকতার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। উল্লেখ্য, এই কেন্দ্রটি থেকেই মসজিদে নববীসহ আশপাশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
ওআইসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পবিত্র স্থান ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আন্তর্জাতিক ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি সংকট মোকাবেলায় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কুয়েত এই ঘটনাকে সৌদির সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি দাবি করেন, প্রাথমিক তদন্ত, নজরদারি সংক্রান্ত তথ্য এবং উদ্ধার করা ড্রোনের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে হামলায় হুতিদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে হুতিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।























