অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতার কঠোর সমালোচনা করেছে সুইজারল্যান্ড। ফিলিস্তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় পশ্চিম তীরের জালুদ গ্রামে প্রায় একশ জন ইসরাইলি বসতিস্থাপনকারীর চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায়। ওই সময় বসতিস্থাপনকারীরা একটি ফিলিস্তিনি পরিবারের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে। আদালতের রায়ের পর পরিবারটি নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।
সুইজারল্যান্ড জানিয়েছে, বসতিস্থাপনকারীদের এই মাত্রার সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার মূল দায়িত্ব ইসরাইলকেই পালন করতে হবে।























