আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি ভিন্ন স্থানে এই ‘সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট’ অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, ওই এলাকাগুলোতে ভারতীয় মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ঘাঁটি ছিল। বিমান হামলায় গোষ্ঠীগুলোর বেশ কিছু আস্তানা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তান সরকারের দাবি অনুযায়ী, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আফগান মাটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং এই হুমকি এখনো অব্যাহত রয়েছে।
আফগানিস্তানের মাটিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কাবুলকে বারবার তাগিদ দিয়ে আসছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের এই ধরনের অভিযোগ বরাবরই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আফগান কর্তৃপক্ষ।























