ভারতের বিভিন্ন এলাকায় গত আগস্ট মাসে অন্তত ৫৪টি মুসলিমবিরোধী ঘৃণাজনিত অপরাধ বা ‘হেট ক্রাইম’ সংঘটিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের সংকলিত তথ্যে উঠে এসেছে যে এসব ঘটনার মধ্যে হামলা, হুমকি, বৈষম্য, ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য এবং মুসলিমদের লক্ষ্য করে নানা ধরনের সহিংসতা ও হয়রানির ঘটনা রয়েছে।
‘দ্য নিউ কমরেড’ নামের আরেকটি ওপেন-সোর্স সংকলন জানিয়েছে, গত ১ থেকে ৩১ আগস্টের মধ্যে তারা ৫২টি এন্ট্রি নথিভুক্ত করেছে। এর মধ্যে ৪৭টি সরাসরি সহিংসতার ঘটনা এবং বাকি পাঁচটি প্রাতিষ্ঠানিক বা ডকুমেন্টেশন-সংক্রান্ত বিষয়। নথিভুক্ত এসব ঘটনার পরিসরে রয়েছে মুসলিমদের ওপর শারীরিক হামলা, ধর্মীয় পরিচয়ের কারণে হয়রানি, ধর্মীয় স্থাপনা ও সম্পত্তি নিয়ে বিরোধ, গরু বা গোমাংস সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা এবং বিদ্বেষমূলক প্রচারণা।
এর আগে চলতি বছরের প্রথম সাত মাসের পরিস্থিতি নিয়ে ‘সাউথ জাস্টিস ক্যাম্পেইন’ তাদের ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকারে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার পৃথক হিসাব প্রকাশ করেছিল। তাদের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্মীয় বিদ্বেষজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জনের মৃত্যুর পেছনে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং ২৫ জনের মৃত্যুর পেছনে হিন্দুত্ববাদী হামলাকারীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে মে থেকে জুলাই—এই তিন মাসের মধ্যে ২৫ জন মুসলিমের প্রাণহানির ঘটনা ঘটে। এর বাইরেও ওই সময়ে মুসলিমদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা উচ্ছেদ বা ধ্বংসের বহু ঘটনা রেকর্ড করা হয়েছে। উজ্জয়নের শাহী মসজিদ নিয়ে সাম্প্রতিক বিরোধসহ বিভিন্ন স্থানে পুলিশি পদক্ষেপ এবং সংঘবদ্ধ হামলার ঘটনাগুলো এই সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।























