ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ঘটেছে বলে জানিয়েছেন বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন।
বিজিবি সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রামের বিপরীতে সীমান্ত পিলার ৮৫৪ নম্বরের উপ-পিলার ৩-এর শূন্যরেখার কাছে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল সকাল ৬টার দিকে গুলি চালায়।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি, তবে তারা গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, ভোরে হঠাৎ গুলির শব্দে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী বলেন,
“নামাজ পড়ে ফেরার পথে দেখি মোটরসাইকেলে গুলিবিদ্ধ কয়েকজনকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে।”
বিজিবি কর্মকর্তা সুবেদার কামাল উদ্দিন বলেন,
“গুলি ছোড়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে সীমান্তে যাই। ঘটনার পরই টহল জোরদার করা হয়। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে, তবে তারা জানিয়েছে পরে সময় জানাবে।”
এর আগে ৫ নভেম্বর একই ইউনিয়নের সীমান্তে বিএসএফ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও গুলির ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
















