কানাডায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। সংস্থাটির ৩১ আগস্ট পর্যন্ত প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট—এই প্রথম আট মাসে কানাডা থেকে মোট ৩৪০ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া বহিষ্কারের এই আইনি প্রক্রিয়ার অধীনে বর্তমানে আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
সিবিএসএ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে সবমিলিয়ে ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। বহিষ্কারের এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ভারত (৪,২২৭ জন)। এরপর যথাক্রমে মেক্সিকো (২,২৮২ জন), যুক্তরাষ্ট্র (৬০১ জন), কলম্বিয়া (৫৮০ জন), হাইতি (৫৩৫ জন) এবং রোমানিয়ার (৪৩৩ জন) নাগরিকরা রয়েছেন; ৩৪০ জন নাগরিক নিয়ে এ তালিকায় বাংলাদেশ সপ্তম অবস্থানে অবস্থান করছে। অন্যদিকে, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় থাকা মোট ৪৯ হাজার ৫৩৬ জনের তালিকায় ১ হাজার ৩৬৮ জন নিয়ে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে।
বিদেশি নাগরিকদের অপসারণের প্রধান কারণগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অভিবাসন আইন না মানার ঘটনা। এর অংশ হিসেবে আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সিবিএসএ। এছাড়া আশ্রয়প্রার্থী নন এমন ১ হাজার ৭৯৪ জনের ক্ষেত্রেও একই কারণ প্রযোজ্য হয়েছে। পাশাপাশি, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনের অপসারণ কার্যকর করা হয়েছে। সিবিএসএ-এর এই বহিষ্কারাদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫ ৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।























