ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত খুব দ্রুতই অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম আবারও আগের মতো কমে যাবে।
ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচনকালে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরান বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছে। একই সঙ্গে তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে মার্কিন প্রশাসন কঠোর অবস্থানে অনড় রয়েছে।























