ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। লোকজ এই ঐতিহ্যকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার বিকেলে নোয়াগাঁও পূর্বপাড়ায় স্থানীয়দের উদ্যোগে এই লাঠিখেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়েরা লাঠির নান্দনিক কসরত ও বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। তাদের দুর্দান্ত নৈপুণ্য দর্শকদের দারুণ আনন্দ দেয় এবং পুরো এলাকা হাততালি ও হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, একসময়ে গ্রামবাংলার সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের মূল আকর্ষণ ছিল লাঠিখেলা। আধুনিকতা ও নানা বিনোদনের প্রভাবে লোকজ এই খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে বাংলার এই ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন। মারাজ আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহসানুল হক মৃধা, যুবদল নেতা নান্নু মিয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ মিয়া, নারী ইউপি সদস্য নাদিরা বেগম, লায়েছ মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া, ছৈয়দ হোসেন, যুবদল নেতা উজ্জ্বল মিয়া ও ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল।






















