ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলি সরকারের এ ধরনের উপস্থিতি অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসন এবং সংঘাত বৃদ্ধির কারণে পশ্চিম এশিয়া বর্তমানে ইতিহাসের অন্যতম স্পর্শকাতর সময় পার করছে। এমন এক পরিস্থিতিতে শত শত নিরপরাধ মানুষের রক্তে হাত থাকা একজন ব্যক্তির উপস্থিতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা একটি সম্মিলিত বিষয়। তাই কোনো দেশের ভূখণ্ড যেন অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তির প্ল্যাটফর্মে পরিণত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তেহরান।























