জার্মানির বিরোধী দল দ্য লেফট পার্টি ঘোষণা দিয়েছে যে, দেশটির শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের একটি কারখানা ইসরাইলি অস্ত্র উৎপাদনের কেন্দ্রে রূপান্তরের যেকোনো পরিকল্পনার বিরুদ্ধে তারা রাজনৈতিক ও জনপর্যায়ে জোরালো প্রতিবাদ গড়ে তুলবে।
লোয়ার স্যাক্সনি রাজ্যের লেফট পার্টির সহসভাপতি থরবেন পিটার্স গণমাধ্যমকে জানান, এই উদ্যোগের বিষয়ে তারা সম্পূর্ণ স্বচ্ছতা দাবি করছেন। বেসামরিক শিল্প থেকে অস্ত্র উৎপাদনে রূপান্তরের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, শ্রমিক ইউনিয়ন ও কর্মীদের সাথে নিয়ে তারা বেসামরিক শিল্পনীতিকেই এগিয়ে নিতে চান।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে ভক্সওয়াগন কর্তৃপক্ষ জানায়, তারা জার্মানির ওসনাব্রুক কারখানাটি লোয়ার স্যাক্সনি রাজ্য এবং তেল আবিবভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান অরেলিয়াস ক্যাপিটালের কাছে বিক্রি করছে। এই কারখানাটির প্রথম শিল্পভিত্তিক প্রকল্প হিসেবে ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েলের সাথে একটি প্রাথমিক প্রকল্পের কথা বলা হয়েছে।
তবে কারখানা বিক্রি করে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন শুরু করাকেই একমাত্র কর্মসংস্থান রক্ষার পথ হিসেবে দেখানোর যে যুক্তি ভক্সওয়াগন দিচ্ছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে লেফট পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের সামনে বেকারত্ব ও অস্ত্র উৎপাদনের মতো একটি মিথ্যা বিকল্প দাঁড় করানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।























