মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে সরাসরি কোনো মন্তব্য করেননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দিয়ে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন।
বুধবার (বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান জানতে চান এক প্রতিবেদক। জবাবে হাইকমিশনার জানান, তিনি রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করতে চান না।
বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হাইকমিশনার বলেন, সফরের নির্দিষ্ট কোনো মাস বা তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই শীর্ষ নেতার দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য একই সূত্রে গাঁথা এবং অতিদ্রুতই এই সফর অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


























