হরমুজ প্রণালিতে এতদিন যেসব মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিত, সেগুলো এখন ওই এলাকা থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেনইন মোহেব্বি গত মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পুরো হরমুজ প্রণালি ও এর আশপাশে নিয়মিত ৩০ থেকে ৩০টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়ালেও বর্তমানে এই কৌশলগত বাণিজ্যিক জলপথে কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই। যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকিগুলোকে একটি দৃশ্যমান পরাজয়কে বিজয় হিসেবে তুলে ধরার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ও সক্ষমতা মার্কিন সামরিক বাহিনীর নেই। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটন পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ইরান বারবার চ্যালেঞ্জ করে আসছে।
উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ, যেখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ পরিবাহিত হয়। প্রণালিটির একপাশে ইরান এবং অপর পাশে ওমান অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করেছিল তেহরান, যার পাল্টা পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে উভয় পক্ষই অবরোধ ও প্রহরা তুলে নিয়েছিল। তবে গত ১৩ জুলাই ইরান ইসলামাবাদ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে এবং হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ জারি করে।























