ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিকটবর্তী সমুদ্রসীমায় একটি তেল উত্তোলন প্রকল্প চালুর সিদ্ধান্তের জেরে যুক্তরাজ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ ও আইনি পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিতর্কিত এই দ্বীপগুলোর ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে বুয়েনস আইরেস।
উল্লেখ্য, ১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে এক রক্তক্ষয়ী সংক্ষিপ্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর্জেন্টিনায় দ্বীপগুলো ‘লাস মালভিনাস’ নামে পরিচিত।
বর্তমানে ফকল্যান্ডসের উপকূলীয় এলাকায় বড় আকারের একটি তেলক্ষেত্র উন্নয়নের কাজে যুক্ত রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস এবং ব্রিটিশ কোম্পানি রকহপার। তবে আর্জেন্টিনার আপত্তি উড়িয়ে দিয়ে কোম্পানিগুলো জানিয়েছে, ব্রিটিশ সরকারের কাছ থেকেই তারা বৈধ অনুসন্ধান লাইসেন্স পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জানান, উত্তর ফকল্যান্ডস অববাহিকায় ‘সি লায়ন’ প্রকল্পের মাধ্যমে দেশের সম্পদ অবৈধভাবে আহরণের চেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কার্যক্রম বন্ধ না হলে আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালে যাওয়ারও ঘোষণা দেন।
যুক্তরাজ্য সমর্থিত এই প্রকল্পের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে মিলেই প্রশাসন। তাদের দাবি, এই ধরনের একতরফা কার্যক্রম জাতিসংঘ প্রস্তাবের প্রকাশ্য লঙ্ঘন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ফকল্যান্ডস ইস্যুতে পূর্বের অবস্থান পর্যালোচনার ইঙ্গিত পাওয়ার পর বুয়েনস আইরেস আরও জোরালোভাবে তাদের দাবি উপস্থাপন করছে। অন্যদিকে, ব্রিটিশ সরকার জানিয়েছে যে তাদের দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব স্বার্থে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে।























