সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতে ব্রিফিংয়ের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার বক্তব্য এবং গণমাধ্যমে প্রচারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রিটে তদন্তাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে মানহানিকর সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।
আসিফ মাহমুদের পক্ষে তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। রিটে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছিল।


























