আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে জানিয়ে অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, ন্যায়বিচার পাওয়ার জন্য আদালত যদি তাকে বারবারও ডাকেন, তবে তিনি প্রতিবারই আদালতে উপস্থিত হবেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে ২৮ হাজার টাকার একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় জামিন বর্ধিতের আবেদন এবং চার্জগঠন শুনানিতে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিতকরণ এবং চার্জ শুনানির পরবর্তী তারিখ আদালত পরবর্তীতে নির্ধারণ করবেন। শুনানি শেষে তানজিন তিশা সাংবাদিকদের বলেন, একটি তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের পর তাকে আদালতে আসতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে আইন ও বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। এর আগে গত ১৩ আগস্ট একই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এই অভিনেত্রী। অনলাইনে একটি ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর তা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অনলাইন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম ২০২৫ সালে মামলাটি দায়ের করেছিলেন।
মামলার এজাহারে বলা হয়, অনলাইন শপ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তার প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তানজিন তিশা যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন।


























