বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর মধ্যে ১৪ জনকে তিন দিন করে এবং অপর আসামি ফারজানাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া।
এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন বৈঠক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের জীবনবৃত্তান্তসহ বিভিন্ন নথি জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিরা নিজেদের উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেন এবং এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।


























