রাশিয়া থেকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ), আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে ভ্রমণে নগদ অর্থ বহনের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ডিক্রির মাধ্যমে এই কড়াকড়ি জারি করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ওই ডিক্রিতে বলা হয়েছে, ব্যক্তিরা উল্লেখিত দেশগুলোতে ভ্রমণের সময় সর্বোচ্চ ১০ লাখ রুবল (প্রায় ১২ হাজার ৩০০ মার্কিন ডলার সমমূল্যের) নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন। এই সীমা কেবল ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে, কোনো কোম্পানি বা স্বতন্ত্র উদ্যোক্তা নগদ অর্থ রাশিয়ার বাইরে নিতে চাইলে অর্থের পরিমাণ নির্বিশেষে একই বিধিনিষেধের আওতায় পড়বেন।
রাশিয়ার সরকারি আইনবিষয়ক তথ্য পোর্টালে প্রকাশিত ডিক্রি অনুযায়ী, কিছু বিশেষ ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। সরকারের নির্ধারিত নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে নগদ অর্থ নেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাংক হিসাব থেকে ওই অর্থ উত্তোলন করেছেন—এমন ব্যাংক নথি দেখাতে পারলে ছাড় পাওয়া যাবে।
এর আগে, ব্যক্তিদের জন্য রাশিয়া থেকে নগদ অর্থ বহনের সীমা ছিল সর্বোচ্চ ১ লাখ ডলার সমপরিমাণ। পাশাপাশি, পূর্বের বিধিনিষেধের আওতায় আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তান অন্তর্ভুক্ত ছিল না।























