হাউজিং ব্যবসার আড়ালে মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া আদালতে এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করেও প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়।
আবেদনে আরও বলা হয় যে, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা জরুরি। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।


























