নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইলেট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৭-২৮ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান ইএমই কোরের সদস্যদের যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও ভাষণ দেন। এ সময় তিনি ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান, বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড (বিআরইবি), সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্সসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


























