ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু হয়েছে। গত সোমবার ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলমান এই জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে দৈবচয়ন ভিত্তিতে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আধুনিক ‘কোবো টুলবক্স’ অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ জন মাঠকর্মী এই জরিপে অংশ নিচ্ছেন। জরিপের ফলাফলের ভিত্তিতে এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ ও সাধারণ ঝুঁকিপূর্ণ—এই তিন শ্রেণিতে ভাগ করে মশক নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রজননস্থল শনাক্ত করে পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বাসাবাড়ির ছাদে বা আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। এর আগে পরিচালিত জরিপে ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে লার্ভার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গিয়েছিল বলে জানা গেছে।






















