ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচনে আগ পর্যন্ত ‘একান্ত অপরিহার্য কারণ’ ব্যতিরেকে সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনার মূল কারণ
পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, বিদেশ ভ্রমণ সীমিতকরণ সংক্রান্ত পূর্বে জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। লক্ষ্য করা যাচ্ছে:
- একই সময়ে মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব বৈদেশিক সফরে যাচ্ছেন।
- একসঙ্গে একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা বিদেশে যাচ্ছেন।
- নির্দেশনার পরিপন্থী হওয়া সত্ত্বেও এ ধরনের প্রস্তাব প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
পরিপত্রের নির্দেশ
এই পরিস্থিতি সামাল দিতে এবং নির্বাচনকালীন প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে:
- ইতঃপূর্বে জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত সব নির্দেশনা প্রতিপালন করতে হবে।
- এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের জন্য অনুরোধ করা হলো।
মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বরও প্রধান উপদেষ্টার কার্যালয় সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করাসহ এ ধরনের নির্দেশনা জারি করেছিল।
















