দেশের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের কড়া সমালোচনা করে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ লেখেন, বর্তমানের এই অস্থিতিশীল, বিশৃঙ্খল ও জননিরাপত্তাহীন বাংলাদেশের নেপথ্যে রয়েছে গত ৫ আগস্টের পর থেকে বিএনপির সংস্কারবিরোধী অবস্থান। সংস্কারের বিরোধিতা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সরকারের রেখে যাওয়া ফিটনেসবিহীন গাড়ির ভালো চালক হতে চেয়েছিলেন। আর সেই ধ্বংসপ্রাপ্ত গাড়ির চালকের আসনে বসতে তাঁকে উৎসাহ ও প্ররোচিত করেছেন সালাহউদ্দিন আহমেদসহ প্রভাবশালী নেতারা।
তিনি আরও বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের মতো সংবেদনশীল সংস্কার কার্যক্রমে বাঁধার প্রাচীর তুলেছে বিএনপি। উপরন্তু, পতিত স্বৈরাচারের জরাগ্রস্ত ও ব্যর্থ রাষ্ট্রব্যবস্থাকে টিকিয়ে রাখার দায় নিয়েই দলটি কাজ করে গেছে। এর ফলে রাষ্ট্রে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও পরিবারতন্ত্রের মতো বিষয়গুলো জেঁকে বসেছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।


























