আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা এবং আইনের শাসন সুদৃঢ় করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত জাতিসংঘের গুরুত্বপূর্ণ এক সম্মেলনে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ছেন আইনমন্ত্রী। সেখানে তিনি বিচারপ্রক্রিয়ার আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও রূপকল্প অনুযায়ী দেশের বিচারিক সংস্কার কার্যক্রম এগিয়ে চলেছে উল্লেখ করে মন্ত্রী জানান, ফৌজদারি কার্যবিধি সংস্কারের মাধ্যমে মামলার দীর্ঘসূত্রিতা কমানো এবং দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।


























