যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসী সামরিক অভিযান পরিচালনা করে, তবে ভারত মহাসাগরজুড়ে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সংস্থাটির নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদি জানিয়েছেন, আরেকটি সংঘাত শুরু হলে মার্কিন ডেস্ট্রয়ার ও অন্যান্য নৌযান ধ্বংস করতে এক মুহূর্তও দ্বিধা করবে না তেহরান। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।
ইরানের পক্ষ থেকে কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে দেওয়া বিভিন্ন প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রশাসনের মনোভাবের কঠোর সমালোচনা করে আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরের প্রতিটি জলপথ বর্তমানে তাদের কঠোর নজরদারির আওতায় রয়েছে।























