জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক নীতির কঠোর সমালোচনা করেছে চীন। শনিবার দেওয়া এক ভাষণে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কিউবার ওপর থেকে অন্যায্য চাপ ও অর্থনৈতিক অবরোধ অবিলম্বে বন্ধ করার তাগিদ দেন।
বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও হান ঝেং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, প্রভাবশালী রাষ্ট্রগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নেতৃত্ব প্রদান করা।
মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সামরিক শক্তির একতরফা প্রদর্শন না করে সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেন তিনি। কিউবার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দেশের উচিত কিউবার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি চিরতরে বন্ধ করা এবং আরোপিত সব ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
এদিকে চীনের এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পর জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও কিউবার ওপর মার্কিন বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তিনি কিউবাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ দেওয়ার জোর দাবি উত্থাপন করেন।























