নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও নিজ ঠিকানায় ফিরতে পারেনি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের একটি বড় অংশ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়ে আছেন। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। এই পরিস্থিতি দেশটির সরকারের জন্য দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল পুনর্বাসন সংকট তৈরি করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ হাজার ৪৫৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫ হাজার ৬৪ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে মাত্র ১১২টি স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় ১ হাজার ৩৩৩টি মরদেহ সাময়িকভাবে দাফন বা সৎকার করা হয়েছে। স্থানীয় সীমান্ত কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
প্রাথমিক হিসাব বলছে, নেপালের এই ভয়াবহ বন্যার পর সামগ্রিক পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে প্রায় ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। বন্যায় প্রায় ৩৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাড়ে সাত হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।























