হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনার সময়সীমা কখন থেকে কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নেওয়ার মুহূর্ত থেকেই সাত দিনের গণনা শুরু হবে। তারা যদি কালই এটি গ্রহণ করে, তবে কাল থেকেই পরিকল্পনা বাস্তবায়নের সময় শুরু হবে।
আরাগচি আরও জানান, এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, যা সম্পন্ন করতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। এসব শর্ত নতুন কিছু নয়, বরং পূর্বেই সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত রয়েছে। তাই এগুলো বাস্তবায়নে কোনো জটিলতা দেখছে না তেহরান।























