কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধের জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর ও রাজাপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে বকুল সর্দার (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর এলাকার মান্নান মেম্বার ও বকুল আলীর সমর্থকদের সঙ্গে খয়েরপুর গ্রামের ইউসুফ মেম্বার ও মেহেদী হোসেনের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে শনিবার সকালে চাঁপাইগাছি বিলের পাশে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের ছোড়া একটি ফালা হালিম সর্দারের গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

























