ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগীয় এলাকার অধীনস্থ একাধিক থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ স্থান ও পয়েন্টে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল এই অভিযান পরিচালনা করে।
বিভাগীয় থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার হয়েছে মোহাম্মদপুর থানা এলাকায়—যার সংখ্যা ৩৩ জন। এছাড়া আদাবর থানা পুলিশ ২৬ জন, তেজগাঁও থানা পুলিশ ২৩ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ১৪ জন, হাতিরঝিল থানা পুলিশ ৭ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে আটক ১০৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওই সকল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি অব্যাহত রাখা হয়েছে।


























