জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইনি কর্মকর্তা বা ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের (ওপিজিএ) তালিকা অনুযায়ী, তিনি কার্যালয়ের সার্বিক আইনি বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা জাইমা রহমান যুক্তরাজ্যের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
সাধারণ পরিষদের সভাপতির ৪০ সদস্যবিশিষ্ট এই কার্যালয়ে জাইমা রহমান ছাড়াও আরও ৫ জন বাংলাদেশি বিভিন্ন পদে নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে অভিজ্ঞ কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ বা দপ্তরের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশসমূহবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতির কার্যকালে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন তারেক রহমান।






















