বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে ক্রমান্বয়ে দুর্বল হলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি চার বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এর সঙ্গে সঙ্গেই আগামী সপ্তাহের শেষদিক থেকে অর্থাৎ রবি ও সোমবারের দিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।


























