ইসরায়েল অত্যন্ত গুরুতর মাত্রার যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে এবং দেশটি বর্তমানে সমগ্র অঞ্চলের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান দীর্ঘমেয়াদী সংঘাত বিশ্বজুড়ে মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এই মন্তব্য করেন। ফিলিস্তিন সংকটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
রাজা আবদুল্লাহ উল্লেখ করেন যে, বিশ্ববাসী বর্তমানে ইতিহাসের একটি অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে। প্রতিদিন নতুন নতুন সংকট ও ট্র্যাজেডি সামনে আসছে। কোন সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহল দীর্ঘ সময় ধরে কূটনৈতিক দৌড়ঝাঁপ চালাবে এবং ক্যামেরার আলো নিভে যাওয়ার পরও কোন যুদ্ধবিরতি টিকবে—এসব বিষয়ের ওপর বিশ্ববাসীর মনোযোগ নিবদ্ধ হওয়া জরুরি।
লেবানন, ইয়েমেন, সুদান ও ইরানের সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এসব অঞ্চলের অস্থিতিশীলতা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গাজা প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিন সংকটের মূল সমাধান না করে কেবল তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলেছে।























