গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বিজ্ঞানীরা তাদের মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে নতুন প্রযুক্তি সৃষ্টি করেন। তাদের এই অর্জনের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ বজায় থাকে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্বকালে মন্ত্রী আরও বলেন, নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই। উদ্ভাবিত প্রযুক্তিগুলো দ্রুত মাঠপর্যায়ে খামারি ও উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ আমিন উর রশিদ আরও উল্লেখ করেন, দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান সাফল্যের পেছনে গবেষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে। এই খাতকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে। সভায় বিএলআরআইয়ের প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মান উন্নয়নেও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।






















