ভারতে পাচারের দীর্ঘ এক যুগ পর অবশেষে নিজ দেশে ফিরেছে এক বাংলাদেশি কিশোরী। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। বিজিবিকে দেওয়া তথ্যে সে জানায়, প্রায় ১২ বছর আগে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্রের খপ্পরে পড়ে সে ভারতে পাচার হয়ে যায়। পাচারকারীরা তাকে ভারতের বেঙ্গালুরুতে বিক্রি করে দিয়েছিল। দীর্ঘ সময় সেখানে মানবেতর জীবন কাটানোর পর সম্প্রতি সে কৌশলে বাংলাদেশে ফিরে আসে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার রাতে পানবাড়ী সীমান্তের পাইকারপাড়া এলাকায় কিশোরীটিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরীয়তপুরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
মঙ্গলবার সকালে কিশোরীর বাবা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিজিবি ক্যাম্পে এসে তাকে শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে বিজিবি তাকে তার বাবার হাতে তুলে দেয়। ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন জানান, মানবিক দিক বিবেচনায় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।






















