নাগরিকদের গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ব্যবহার করে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা বাধ্যতামূলকভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট মামলার রুল নিষ্পত্তি করে এই রায় ঘোষণা করেন।
পাশাপাশি, যেকোনো নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে মামলার বাদী এবং তার আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে আইনজীবীর পরিচয়পত্র এবং বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি মামলার সঙ্গে যুক্ত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন।
ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার শিকার হয়ে আরিফ নিয়াজী নামের এক ব্যক্তির আটকের ঘটনার পর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে এই রিটটি দায়ের করেছিল। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন, যার চূড়ান্ত শুনানি শেষে আজ এই যুগান্তকারী রায় দেওয়া হলো।






















