চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অবৈধভাবে অস্ত্র ও গুলি নিজের কাছে রাখার দায়ে মো. হাবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অস্ত্র আইনের অন্য একটি ধারায় তাকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হাবিবুল্লাহ পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাফা বাজার এলাকার চুন্নু মিয়ার ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৯ জুন চান্দগাঁও থানার চৌধুরীঘাট এলাকার একটি কার্টুন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারকার্য শুরু হয়।


























