বর্তমান সরকারের মনোযোগ কেবল নির্বাচনকেন্দ্রিক; সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ পর্যায়ে এবং এক মাস পরই নির্বাচন। এই মুহূর্তে সরকারের সমস্ত মনোযোগ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার দিকে। তাই বেতনের মতো দীর্ঘমেয়াদি আর্থিক প্রভাব বিস্তারকারী কোনো সিদ্ধান্ত এই সরকার নেবে না এবং সেটিই যুক্তিযুক্ত। তবে অন্তর্বর্তী সরকার হয়তো একটি প্রাথমিক কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে, যার বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামীতে নির্বাচিত হয়ে আসা নতুন সরকার।
মতবিনিময় সভায় ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্বারোপ করে গভর্নর বলেন, দেশে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলে ছেঁড়া-ফাটা নোটের বিড়ম্বনা দূর হবে। তিনি নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে ‘কিউআর কোড’ বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। এছাড়া দেশের আমদানিনীতি ও সরকারি কর্মকর্তাদের অদক্ষতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সময়মতো পণ্য আমদানিতে ব্যর্থতার কারণেই বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















