ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকার কোনো দেশও আগ্রহ প্রকাশ করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের পর এবার আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। ভারতে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান উপস্থিতি সে দেশের সরকারের জন্য দিন দিন একটি বিব্রতকর ইস্যু হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের সূত্র ধরে নাজমুল হক বলেন, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। তবে এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চালালেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে আইনানুগভাবে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে ভারত।
শেখ হাসিনার পরিবারের ভূমিকার সমালোচনা করে সহকারী প্রেস সচিব বলেন, ক্ষমতার মসনদ ছাড়ার সময় নেতাকর্মীদের চরম মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে সরিয়ে নিয়েছিলেন তিনি। দেশত্যাগের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে দায়িত্বজ্ঞানহীন অবস্থান নেওয়া হয়েছিল। অথচ আজ নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও ক্ষমতা টিকিয়ে রাখতে সেই তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে আবারও ঝুঁকিপূর্ণ সংঘাতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
পোস্টের শেষাংশে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখনো অন্ধ দলীয় আনুগত্য থেকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি গভীরভাবে ভেবে দেখা উচিত।


























