অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষে নেওয়া উচ্চাভিলাষী ‘মাইন্ডফুলনেস’ শহর প্রকল্পের অংশ হিসেবে ভারতের সীমান্তঘেঁষা এলাকায় একদিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করেছে ভুটান। দেশটির ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এই মহাযজ্ঞে অংশ নেন। নদীর তীর ধরে প্রায় ১২ কিলোমিটার এলাক জুড়ে এই প্যাগোডাগুলো স্থাপন করা হয়েছে।
আধ্যাত্মিক ঐতিহ্যকে আধুনিক অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগে ভুটানের রাজাসহ প্রায় দুই লাখ মানুষ সরাসরি সম্পৃক্ত ছিলেন। দেশটির রাজপরিবারের পরিকল্পনা এবং বিদেশি স্থপতিদের নকশায় গেলেফু মাইন্ডফুলনেস সিটি গড়ে তোলা হচ্ছে, যার মূল উদ্দেশ্য তরুণদের দেশে কর্মসংস্থানে উৎসাহিত করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
বর্তমানে ভুটান বেকারত্ব ও দক্ষ জনশক্তি হ্রাসের মতো নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। হিমালয় অঞ্চলের এই দেশটির এমন উদ্যোগ বিশ্বজুড়ে যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি অর্থনৈতিক সংকটের হাত থেকে উত্তরণে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।























