যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব উদ্যাপনকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত ২৪ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে একাধিক গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়।
এর মধ্যে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় রোববার ভোরে তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হ্যালোইন উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। ডালাস পুলিশ জানিয়েছে, হ্যালোইন উপলক্ষে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ফ্লোরিডা ও মিসিসিপিতেও পৃথক গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে।























